ত্রয়োদশ সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলটির সংসদ সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।
রুদ্ধদ্বার এ কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত আছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।
কর্মশালায় নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে সংসদের কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান তুলে ধরা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরাও তাদের অভিজ্ঞতা নতুন সদস্যদের সঙ্গে ভাগ করে নেবেন। সরকার ও সরকারি দলের দক্ষতা বৃদ্ধি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।
দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
আগামীকাল শনিবার সকালের পর্বে ঢাকা আংশিক, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সদস্যরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ায় তাদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.