আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান: মৃত্যুবার্ষিকীতে সাঈদ আল নোমানের শ্রদ্ধা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা।

দোয়া মাহফিল শেষে সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সাঈদ আল নোমান বলেন, “আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “মরহুম আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু এবং চট্টগ্রামের মানুষের কাছে সর্বজনীন নেতা হিসেবে সমাদৃত ছিলেন।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা।

পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের এক আবহ। উপস্থিত সবাই মরহুম আব্দুল্লাহ আল নোমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.